ইসলামাবাদে ইরানের সঙ্গে আসন্ন আলোচনায় অগ্রগতি না হলে ফের বোমা হামলার প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অনিচ্ছা প্রকাশ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার সকালে সিএনবিসির স্কোয়াক বক্স অনুষ্ঠানে ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয়, ইসলামাবাদে আসন্ন আলোচনায় যদি অগ্রগতি না হয়, তবে তিনি আবারও হামলা শুরু করবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বোমাবর্ষণের প্রত্যাশাই করছি, কারণ আমার মনে হয় আলোচনার ক্ষেত্রে এটি একটি ভালো মনোভাব।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রস্তুত। বলতে গেলে, আমাদের সামরিক বাহিনীও প্রস্তুত হয়ে আছে।’আসন্ন আলোচনায় যদি অগ্রগতি হয়, তবে যুদ্ধবিরতি অব্যাহত রাখবেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, ‘আমি তা করতে চাই না। আমাদের হাতে অত সময় নেই।’ তিনি বলেছেন, ইরানের সামনে ‘একটি পছন্দ’ ছিল এবং ‘তাদের আলোচনা করতেই হবে।’
তবে যুদ্ধবিরতির মেয়াদ আসলে কবে শেষ হবে, তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। দুই সপ্তাহ আগে যখন এই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল, তখন বলা হয়েছিল মঙ্গলবার রাতে তা শেষ হবে। কিন্তু ব্লুমবার্গ নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, বুধবার রাতে এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে।
সূত্র: এপি



