প্রচ্ছদসীমানা পেরিয়েট্রাম্প আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠাচ্ছেন পোল্যান্ডে

ট্রাম্প আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠাচ্ছেন পোল্যান্ডে

পোল্যান্ডে অতিরিক্ত আরও ৫ হাজার মার্কিন সেনা পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এর এক পোস্টে ট্রাম্প জানান, পোল্যান্ডের রক্ষণশীল জাতীয়তাবাদী প্রেসিডেন্ট ক্যারল নাওরোকির সঙ্গে তার সুসম্পর্কের কারণেই তিনি এই অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

এর ঠিক দুই দিন আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের জানিয়েছিলেন, পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি স্থগিত করা হয়েছে।
ইউরোপে মার্কিন সেনাদের উপস্থিতির বিষয়টি পর্যালোচনা করছিল যুক্তরাষ্ট্র। ইউরোপের প্রতিরক্ষায় ন্যাটোকে আরও বড় ভূমিকা নেওয়ার জন্য ট্রাম্পের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছিল যে, যুক্তরাষ্ট্র হয়তো ইউরোপ থেকে তাদের সেনা সংখ্যা কমিয়ে আনবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, পোল্যান্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট ক্যারল নাওরোকির সফল নির্বাচন যাকে সমর্থন করতে পেরে আমি গর্বিত ছিলাম, এবং তার সঙ্গে আমাদের সুসম্পর্কের ওপর ভিত্তি করে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, যুক্তরাষ্ট্র পোল্যান্ডে অতিরিক্ত ৫,০০০ সেনা পাঠাবে। গত বছরের মে মাসে হোয়াইট হাউসে নাওরোকিকে স্বাগত জানিয়েছিলেন ট্রাম্প। পোল্যান্ডের নির্বাচনের ঠিক আগের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি নাওরোকিকে সমর্থন দেন। পরবর্তীতে ওই নির্বাচনে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের ইউরোপ-পন্থী, মধ্যপন্থী দলের প্রার্থীকে পরাজিত করে নাওরোকি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সুত্র- রয়টার্স 

সর্বশেষ