জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন অভিযোগ করেছেন,নির্বাচন কমিশন একটি দলের পদলেহন করছে ; যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
মনিরা শারমিন বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা চলছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের যেখানে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর কথা, সেখানে তারা এবং পুলিশ প্রশাসন একটি বিশেষ দলের হয়ে কাজ করছে। নির্বাচনি প্রচারে যাওয়া নারীদের হেনস্তা করছে।
সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, একটি দলের আজ্ঞাবহ হয়ে নিরপেক্ষ ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে নির্বাচন কমিশন।পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যেতে চাচ্ছে বিএনপি– এমন অভিযোগ করে তিনি বলেন, এখন বিএনপির প্রার্থীদের সভা-সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের পক্ষে ভোট চাচ্ছেন আওয়ামী লীগের নেতারা।



