পশ্চিমের বিরুদ্ধে ইরান যেভাবে দৃঢ়ভাবে দাঁড়াতে পেরেছে, তা উপনিবেশ–উত্তর বিশ্বের বহু মানুষের কাছে প্রশংসার উৎস হয়ে উঠেছে। এই আত্মবিশ্বাসের উৎস কোথায়?
২৩ এপ্রিল ২০২৬
আবদেল হামিদ বালবাকি (লেবানন), War, ১৯৭৭
প্রিয় বন্ধুগণ,
ট্রাইকন্টিনেন্টাল: সামাজিক গবেষণা ইনস্টিটিউটের ডেস্ক থেকে শুভেচ্ছা।
ইরানের ওপর অবৈধ মার্কিন–ইসরায়েলি যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর সময়, আমি বোমাবর্ষণের শিকার বেসামরিক এলাকায় অবস্থানরত বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। তাঁদের মধ্যে কেউ পণ্ডিত, কেউ কবি ও শিল্পী, কেউ সরকারি কাজে যুক্ত, আবার কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। সরকারের প্রতি তাঁদের মতামত যাই হোক না কেন, সকলেই ছিলেন অবিচল ও প্রতিরোধী। একজনও মনে করেননি যে তাঁদের পৃথিবী বিপন্ন। তাঁরা অটল ছিলেন; তাঁদের সাহস উৎসারিত হচ্ছিল ইরানি সভ্যতার স্থিতিস্থাপকতার প্রতি এক গভীর বিশ্বাস থেকে।
মার্কসবাদী এবং জাতীয় মুক্তি–চিন্তার সঙ্গে ‘সভ্যতা’ ধারণার সম্পর্ক অত্যন্ত জটিল। ধ্রুপদী মার্কসবাদের কাছে এটি গ্রহণযোগ্য ছিল না, কারণ এটি সাংস্কৃতিক সমজাতীয়তার আবরণে সামাজিক বিভাজনকে আড়াল করতে পারে এবং ফলে শ্রেণিসংগ্রামের প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে পারে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী উপনিবেশবিরোধী সংগ্রামগুলিতে মার্কসবাদ যখন একটি গুরুত্বপূর্ণ কাঠামো হয়ে ওঠে, তখন ‘সভ্যতা’ ধারণাটি নতুন অর্থে ফিরে আসে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক সংগ্রামের এক মূল্যবান ক্ষেত্র হিসেবে সভ্যতাকে বোঝা হতে থাকে। এটি কেবল শ্রেণিশাসনের আদর্শিক মুখোশ নয়, বরং জাতীয় ধারাবাহিকতা ও রাজনৈতিক বৈধতার একটি উপকরণে পরিণত হতে পারে। তবে এই পুনরুদ্ধার ঘটতে হয় এমন এক মুক্তিকামী প্রকল্পের দৃষ্টিকোণ থেকে, যা নিজ সভ্যতার অভ্যন্তরে থাকা কিছু প্রতিক্রিয়াশীল উত্তরাধিকার থেকেও বিচ্ছিন্ন হতে প্রস্তুত।
উদাহরণস্বরূপ, চীনের ক্ষেত্রে, চীনা মার্কসবাদ—যার সর্বোত্তম সংশ্লেষ ঘটিয়েছিলেন মাও সেতুং—প্রাক–বিপ্লবী চীনের নিকৃষ্ট উত্তরাধিকার, যেমন কনফুসীয় শ্রেণিবিন্যাস ও লিঙ্গবৈষম্য থেকে বিচ্ছেদের ওপর জোর দেয়। একই সঙ্গে, শ্রেণিসংগ্রাম ও আদর্শগত রূপান্তরের মাধ্যমে ‘চীনা সভ্যতা’ ধারণাকেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক প্রতিরোধ ও জাতীয় দেশপ্রেমের বিকাশের ভিত্তি হিসেবে গ্রহণ করে।
কুসবুদিয়ান্তো (ইন্দোনেশিয়া), Bird Market, ২০২৬
ইরানি বিপ্লব (১৯৭৮–১৯৭৯) নানা রাজনৈতিক শক্তির সমন্বয়ে সংঘটিত হয়, যার মধ্যে মার্কসবাদীরাও ছিলেন; তাঁদের অনেকেই পরবর্তীকালে নবগঠিত ইসলামি প্রজাতন্ত্রের হাতে নিপীড়িত ও নিহত হন। এই দমন সত্ত্বেও, মার্কসবাদী চিন্তার বহু উপাদান ইসলামি প্রজাতন্ত্রের আদর্শিক কাঠামোর মধ্যে প্রবেশ করে—এহসান তাবারি (১৯১৭–১৯৮৯), জালাল আল–এ আহমদ (১৯২৩–১৯৬৯), আলি শারিয়াতি (১৯৩৩–১৯৭৭), বিজান জাজানি (১৯৩৮–১৯৭৫), অথবা খসরো গোলসোরখি (১৯৪৪–১৯৭৪)-এর মতো চিন্তকদের কাজের মাধ্যমে। এঁদের নিয়ে বিস্তারিত লিখতে গেলে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ প্রয়োজন হবে। এঁদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিলেন গোলসোরখি, যিনি যৌবনের উজ্জ্বল সময়েই নিহত হন। বিচারকক্ষের বিচলিত বিচারকের সামনে তিনি বলেছিলেন:
আমি আমার বক্তব্য শুরু করছি মওলা [ইমাম] হোসাইনের একটি উক্তি দিয়ে—মধ্যপ্রাচ্যের জনগণের এক মহান শহীদ। আমি, একজন মার্কসবাদী–লেনিনবাদী হিসেবে, প্রথম সামাজিক ন্যায়বিচারের সন্ধান পেয়েছিলাম ইসলামের বিদ্যালয়ে, এবং সেখান থেকেই সমাজতন্ত্রে উপনীত হয়েছি। আমি এই আদালতে আমার জীবনের জন্য দরকষাকষি করব না, এমনকি আমার আয়ুষ্কালের জন্যও নয়। আমি ইরানের সংগ্রামী জনগণের সংগ্রাম ও বঞ্চনার এক নগণ্য ফোঁটা মাত্র… হ্যাঁ, আমি আমার জীবনের জন্য দরকষাকষি করব না, কারণ আমি এক সংগ্রামী ও সাহসী জনগণের সন্তান। আমি আমার কথা ইসলাম দিয়ে শুরু করেছি। ইরানে সত্যিকারের ইসলাম সবসময়ই দেশের মুক্তি–আন্দোলনের ঋণ শোধ করেছে। সাইয়্যেদ আবদুল্লাহ বেহবাহানি, শেখ মোহাম্মদ খিয়াবানি—এঁরা এই আন্দোলনের প্রকৃত প্রতিমূর্তি। আজও সত্যিকারের ইসলাম ইরানের জাতীয় মুক্তি–আন্দোলনের ঋণ শোধ করছে। যখন মার্কস বলেন, ‘শ্রেণিভিত্তিক সমাজে সম্পদ একদিকে সঞ্চিত হয় এবং অন্যদিকে দারিদ্র্য, ক্ষুধা ও দুঃখ সঞ্চিত হয়, অথচ যারা সম্পদ উৎপাদন করে তারা নিজেরাই বঞ্চিত থাকে’, এবং মওলা [ইমাম] আলি বলেন, ‘হাজারো মানুষকে দরিদ্র না করলে কোনো প্রাসাদ নির্মিত হয় না’—তখন এর মধ্যে গভীর সাদৃশ্য দেখা যায়। সুতরাং, মওলা [ইমাম] আলিকে ইতিহাসের প্রথম সমাজতন্ত্রী বলা যায়, যেমন সালমান ফারসি ও আবু দর গাফ্ফারিকেও।
বিপ্লবের সময়, ইরানের বামপন্থীরা—ফেদায়িন গেরিলা, কমিউনিস্ট তুদেহ পার্টি এবং ইসলামপন্থী–বিপ্লবী মুজাহিদিনদের মধ্যে বিভক্ত—বুঝতে পেরেছিল যে ধর্মীয় শক্তির সহায়তা ছাড়া শাহকে উৎখাত করা সম্ভব নয়। কিন্তু তারা ইরানি সমাজে, এমনকি শ্রমিক শ্রেণির ওপরও, ধর্মীয় নেতৃত্বের প্রভাবকে অবমূল্যায়ন করেছিল। এই ভুল হিসাবই এক বছরের মধ্যে ইরানি বিপ্লবকে ইসলামি প্রজাতন্ত্রে রূপান্তরিত করে। তবে এটি একটি সাধারণ ধর্মতন্ত্রে পরিণত হয়নি; বরং বিপ্লবোত্তর ইরান এক অনেক প্রাচীন সভ্যতাগত উত্তরাধিকার থেকে শক্তি নিয়েছে—যার সূত্রপাত সাইরাস দ্য গ্রেট (খ্রিস্টপূর্ব ৫৫৯–৫৩০) এবং আখেমেনীয় সাম্রাজ্যের (প্রায় খ্রিস্টপূর্ব ৫৫০–৩৩০) সময়ে—যা ইরানে সাফাভি সাম্রাজ্যের (১৫০১–১৭৩৬) সময় শিয়া মতকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠার প্রায় দুই হাজার বছর পূর্বের। এই প্রাচীন সভ্যতাগত উত্তরাধিকারই ইরানি সমাজে একটি ভিত্তিগত ভূমিকা পালন করে, যা অভ্যন্তরীণ পার্থক্যগুলোকে আত্মস্থ করতে সক্ষম করে এবং ভয়াবহ সংকটকালে সার্বভৌমত্ব রক্ষার জন্য গভীর ঐতিহাসিক বৈধতার আহ্বান জানায়। ১৯৭১ সালে শাহ পার্সেপোলিসে এক বিশাল আয়োজনের মাধ্যমে সাইরাস দ্য গ্রেট থেকে শুরু করে ২,৫০০ বছরের ধারাবাহিক সভ্যতা উদ্যাপন করেছিলেন। পরবর্তীকালে, ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরানের ওপর ইরাকের আগ্রাসী যুদ্ধের সময়, যখন সাদ্দাম হোসেন এই সংঘাতকে আরব বনাম পারস্য যুদ্ধ হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন, তখন ইসলামি প্রজাতন্ত্র সেই কাঠামো প্রত্যাখ্যান করে এবং এটিকে ‘স্বদেশ রক্ষা’ (دفاع از وطن, defa’ az vatan) হিসেবে চিহ্নিত করে—এক অজেয় ও অনবদ্য ভূমির ধারণার ভিত্তিতে, যা জনগণকে সর্বোচ্চ মূল্যে রক্ষা করতে হবে।
ইব্রাহিম এল–সালাহি (সুদান), Vision of the Tomb, ১৯৬৫
যারা উপনিবেশিত সমাজ থেকে আসেন না, তাঁদের পক্ষে ‘স্বদেশ রক্ষা’ বা সভ্যতাগত উত্তরাধিকারের ধারণার শক্তি বোঝা কঠিন। উপনিবেশবাদ অসংখ্য সামাজিক গঠনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এটি সম্পদ লুণ্ঠন করে অন্যত্র বিনিয়োগ করে, অন্য জাতির উন্নয়নের জন্য; এটি উপনিবেশিত জনগণের সংস্কৃতিকে অবমাননা করে এবং প্রায়ই তাদের নিজস্ব ভাষা ও ঐতিহাসিক লক্ষ্যবোধ থেকে বঞ্চিত করে। এ কারণেই গ্লোবাল সাউথের বহু মানুষ বিস্ময়ে দেখেন যে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছে এবং কৌশলগত দিক থেকে বর্তমান সংঘাতে সফল হয়েছে।
যারা এই বিলোপের ইতিহাস ভাগ করে নিয়েছে, তাদের কাছে চীন বা ইরানের মতো সমাজের মর্যাদাপূর্ণ অবস্থান প্রত্যক্ষ করা—যেখানে সাংস্কৃতিক গর্ব গড়ে তুলতে কল্পিত অতীত নির্মাণ বা অন্যদের (সংখ্যালঘু বা বিদেশি) নিন্দা করার প্রয়োজন কম—অত্যন্ত অনুপ্রেরণামূলক। এইসব সমাজে উপনিবেশিক ধ্বংস সম্পূর্ণ না হওয়ায়, তারা নিজেদের ইতিহাস পুনরুদ্ধার ও পুনর্গঠন করতে পারে, পশ্চিমের ভ্রান্ত প্রতিচ্ছবিতে (যেখানে প্রত্যাখ্যান ও অনুকরণের মিশ্রণ থাকে) পুরোপুরি আবদ্ধ না হয়ে। এই আত্মবিশ্বাসই যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক শক্তির মুখোমুখি হয়ে মর্যাদার সঙ্গে দাঁড়ায় এবং শূন্য ব্যঙ্গ নয়, বরং প্রকৃত অবজ্ঞার প্রকাশ হিসেবে ট্রাম্প ও তাঁর সহযোগীদের উদ্দেশে লেগো–মিম পাঠানোর সাহস রাখে।
এং হুই চু (মালয়েশিয়া), Beyond the Border, ২০১৪
১৯৯৭ সালের ডিসেম্বরে ইসলামিক সম্মেলন সংস্থা (OIC) ‘তেহরান ঘোষণা’ প্রকাশ করে, যেখানে ‘সভ্যতার সংলাপ’ ধারণাটি উত্থাপিত হয়। এটি ছিল স্যামুয়েল হান্টিংটনের ১৯৯৩ সালের প্রবন্ধ এবং ১৯৯৬ সালের গ্রন্থ The Clash of Civilisations and the Remaking of World Order–এর সরাসরি প্রতিক্রিয়া। তাঁর প্রবন্ধে হান্টিংটন ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ‘সভ্যতাসমূহের মধ্যে সংঘাত আধুনিক বিশ্বের সংঘাতের বিবর্তনের সর্বশেষ ধাপ হবে’। তাঁর মতে ইতিহাস আদর্শগত সংঘাত (কমিউনিজম বনাম পুঁজিবাদ) থেকে সভ্যতাগত সংঘাতে রূপান্তরিত হয়েছে—যা তিনি ধর্ম–সংস্কৃতিগত ভিত্তিতে পশ্চিমা, কনফুসীয়, জাপানি, ইসলামি, হিন্দু, স্লাভিক–অর্থোডক্স, লাতিন আমেরিকান এবং সম্ভবত আফ্রিকান সভ্যতা হিসেবে চিহ্নিত করেন। তিনি সতর্ক করেছিলেন যে নতুন বিভাজনরেখা এই অক্ষগুলির ওপর গড়ে উঠবে। OIC সতর্ক করে দেয় যে এই দৃষ্টিভঙ্গি সংঘাত প্রতিরোধের পরিবর্তে বরং তা সৃষ্টি করতে পারে; তাই সংঘাতের প্রতীক্ষা না করে সভ্যতার সংলাপ গড়ে তোলা উচিত।
তেহরান ঘোষণা জাতিসংঘে কিছুটা গ্রহণযোগ্যতা পায়, কিন্তু পশ্চিমা রাজধানীগুলিতে নয়, যেখানে ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’-এর ভাষ্য—যা ২০০১ সালের আগেই শুরু হয়েছিল—নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইসলামের প্রতি ভয় স্বাভাবিক হয়ে ওঠে এবং দ্রুতই তা অভিবাসীদের প্রতি ভয়ের সঙ্গে যুক্ত হয়—এই দ্বৈত ভয় আজও ইউরোপ ও আমেরিকাকে পক্ষাঘাতগ্রস্ত করে রাখে। ১৯৯৮ সালে জাতিসংঘ ২০০১ সালকে ‘সভ্যতার সংলাপের বছর’ ঘোষণা করে, এবং ইউনেস্কোর ৩১তম সাধারণ সম্মেলনে (প্যারিস, ১৫ অক্টোবর–৩ নভেম্বর ২০০১) ইরানি দার্শনিক ও কূটনীতিক আহমদ জলালিকে সভাপতি নির্বাচিত করা হয় এবং ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মদ খাতামিকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। এই সম্মেলন অনুষ্ঠিত হয় সেপ্টেম্বরের মার্কিন হামলার এক মাসেরও কম সময় পরে এবং আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের প্রেক্ষাপটে। খাতামির ভাষণ আজও শক্তিশালী—তিনি বিশ্বকে আহ্বান জানান ‘মিথ্যা রাজনৈতিক মেরুকরণ ও বিভাজনের’ কাছে আত্মসমর্পণ না করতে। তাঁর মতে, সন্ত্রাসবাদ হলো ‘অন্ধ অসহিষ্ণুতা ও নিষ্ঠুর শক্তির এক অশুভ সংযোগের ফল, যা এমন এক মায়ার সেবা করে, যা সমস্ত প্রচার সত্ত্বেও অবচেতনের ক্ষতিকর বিষয়বস্তুরই প্রতিফলন’।
জেরার সেকোটো (দক্ষিণ আফ্রিকা), Mother and Baby, ১৯৪৩–১৯৪৫
খাতামি বলেন, কোনো সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সবচেয়ে ভয়াবহ কাজ হলো প্রতিশোধ নেওয়া। ‘প্রতিশোধ লবণাক্ত জলের মতো—যা দেখতে জলের মতো হলেও তৃষ্ণা নিবারণ না করে বরং বাড়িয়ে দেয়, ফলে বিশ্বকে অবিরাম সহিংসতা, ঘৃণা ও প্রতিশোধের চক্রে আবদ্ধ করে।’ প্রতিশোধের পরিবর্তে, তাঁর মতে, সংলাপই ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রধান প্রয়োজন’।
সংলাপের আহ্বান গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়, কারণ এর বিকল্প আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে—একদিকে পুঁজিবাদের সেই ব্যবস্থা, যা বৈষম্য বাড়ায় এবং গ্রহব্যাপী ধ্বংস ডেকে আনে; অন্যদিকে সাম্রাজ্যবাদের সেই ব্যবস্থা, যা যুদ্ধের মাধ্যমে সমাজগুলোকে গ্রাস করে। কিন্তু কেবল সভ্যতা বা সংলাপ নিজে নিজে মানবমুক্তির দিকে ইতিহাসকে চালিত করতে পারবে না। তার জন্য প্রয়োজন হবে শ্রেণিসংগ্রামের তীব্রতা বৃদ্ধি, মানবীয় প্রয়োজনের দ্বারা বস্তুগত বৈষম্য ও ক্ষমতার সম্পর্ক অতিক্রম করা, এবং বৈশ্বিক ব্যবস্থার এমন রূপান্তর যা আমাদের জটিল নিয়তিকে পূরণ করবে, পরস্পরের বিরুদ্ধে দাঁড় করাবে না।
হোসে ক্লেমেন্তে ওরোজকো (মেক্সিকো), Katharsis, ১৯৩৪–১৯৩৫
কার্লোস গুতিয়েরেস ক্রুস (১৮৯৭–১৯৩০) বিপ্লবোত্তর মেক্সিকোর সাহিত্যিক ধারার মধ্যে তাঁর কাব্যিক সংবেদনশীলতা বিকাশ করেছিলেন, যার মধ্যে দেশপ্রেমিক ‘কন্তেম্পোরানেওস’ গোষ্ঠীও ছিল; কিন্তু পরবর্তীকালে তিনি আরও র্যাডিক্যাল হয়ে তাঁদের থেকে বিচ্ছিন্ন হন। ১৯২৩ সালে তিনি Cómo piensa la plebe (হাইকাই আকারে মুক্তির প্রচারপুস্তিকা) প্রকাশ করেন, যেখানে তিনি মেক্সিকোতে হোসে হুয়ান তাবলাদার সঙ্গে যুক্ত হাইকাই রীতিকে কমিউনিস্ট কবিতার বাহনে রূপান্তরিত করেন। গুতিয়েরেস ক্রুস উপলব্ধি করেছিলেন যে, যদি শ্রমজীবী জনগণ কোনো জাতি থেকে কিছুই না পায়, তবে সেই জাতিকে রক্ষা করার কোনো অর্থ নেই। বিষয়টি এখানে পুনরুচ্চারণযোগ্য: সভ্যতাকে বিমূর্ত ধারণা হিসেবে রক্ষা করা যায় না। এর অর্থবহ হতে হলে, এটিকে রক্ষা করতে হবে সেই জীবন্ত ইতিহাস হিসেবে, যা নির্মাণ করেন ইতিহাস–স্রষ্টা মানুষজন। তাঁর একটি হাইকাইতে তিনি লিখেছিলেন:
লাব্রিয়েগো, মাটি এক থেকে শত দেয়,
আর তুমি শত থেকে এক পাও।
সস্নেহে,
বিজয়
[ লেখাটি লিখেছেন ড. বিজয় প্রসাদ। একজন খ্যাতনামা ইতিহাসবিদ, রাজনৈতিক বিশ্লেষক। Tricontinental: Institute for Social Research এর ডিরেক্টর। ]
অনুবাদক, ড. সুশান্ত দাস, সভাপতি, সেন্টার ফর সোশ্যাল রিসার্চ।



