প্রচ্ছদরাজনীতিভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান- জামায়াত আমির

ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান- জামায়াত আমির

দেশের বিভিন্ন স্থানে জালভোট দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জনগণের ভোটাধিকার রক্ষায় ফলাফল ঘোষণার আগ পর্যন্ত জনগণকে নিজ নিজ ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান জামায়াত আমির। শফিকুর রহমান দাবি করেন, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা এবং নারীদের হেনস্তা করা হয়েছে। কোথাও কোথাও কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হয়েছে।

দেশবাসীর উদ্দেশে জামায়াত আমির লিখেছেন,গতকাল থেকেই আপনারা সকল গুজবকে পরাজিত করেছেন এবং ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছেন। আজ সকাল থেকেই আপনারা উৎসবের মতো করে ভোট দিয়েছেন, ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে। কিন্তু, আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ করছি, দেশের বিভিন্ন জায়গায় জালভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টদের ওপর হামলা করে জখম করা হচ্ছে। নারীদের হেনস্তা করা হচ্ছে। বেশ কিছু জায়গায় কেন্দ্র দখলের অপচেষ্টাও চালানো হচ্ছে।

জনগণকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা দেশবাসীকে অনুরোধ করবো, যেভাবে আপনারা এখন পর্যন্ত ভোট চুরি ও কেন্দ্র দখলের অপচেষ্টাকে প্রতিরোধ করেছেন, সেভাবেই ফলাফল আসার আগ পর্যন্ত আপনারা আপনাদের ভোটকে রক্ষা করুন। আপনার মূল্যবান ভোটটি যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে,সে জন্য আপনারা ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হয়ে যান, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন।”

সর্বশেষ