ইরান ও ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে ওয়াশিংটনের একপাক্ষিক ও আগ্রাসী নীতির ‘ভয়াবহ পরাজয়’ হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। বুধবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরপরই এই চুক্তির কথা ঘোষণা করা হয়।
এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত ৮টার (বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা) মধ্যে পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। সেই চরম উত্তেজনার মধ্যেই শেষ পর্যন্ত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় পক্ষগুলো।
বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক কথাবার্তা লিখে যে কথিত জয়ের স্বপ্ন দেখা হচ্ছিল, সেই অবস্থানের শোচনীয় পরাজয় ঘটেছে। এই ধরনের একতরফা, আগ্রাসী এবং উসকানিমূলক আক্রমণের নীতি ধোপে টেকেনি। তেহরানের দীর্ঘদিনের মিত্র মস্কো শুরু থেকেই এই সংঘাতের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছিল। জাখারোভা বলেন, এই সংকটের কোনও সামরিক সমাধান নেই। আমরা শুরু থেকেই এই আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে আসছি।
সূত্র: নিউজউইক


