বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ওই দলকে বিশ্বাস করা যায় না যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না। এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদের আমরা প্রশ্রয় দিতে চাই না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধ করেছি। এই দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। সেসময় জামায়াত পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল। কিন্তু এর জন্য এখন পর্যন্ত তারা মাফ চায়নি।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমি সারাজীবন মানুষের মুক্তির জন্য রাজনীতি করেছি। জনগণের ভোটের অধিকার চাইতে গিয়ে বিগত ১৫ বছর অনেক কষ্ট করেছি, নানা হয়রানির শিকার হয়েছি। আমার নামে ছিল ১১৭টি মামলা। ১১ বার জেলে গেছি। সাড়ে তিন বছর জেল খেটেছি। তবে এটাই শান্তি যে আজ জনসাধারণ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছেন। এই ভোটাধিকার সঠিকভাগে প্রয়োগ করে ১৫ বছরের সংগ্রামকে স্বার্থক করে তুলবার জন্য জনসাধারণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।’



