বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশকে রক্ষা করতে হলে তারেক রহমানের নেতৃত্বে সামনে এগিয়ে যেতে হবে। একটি দল নির্বচনকে বাধাগ্রস্ত করতে চায়। এই দলটি স্বাধীনতাবিরোধী, এদের বিশ্বাস করা যায় না।’
তিনি বলেন, ‘দলটিকে বাংলাদেশের কোনও মানুষ বিশ্বাস করে না। কারণ এই দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না তাদের এই দেশের মানুষ বিশ্বাস করতে পারে না।’
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ দেবদারুতলায় পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের বলতে হয় না, পত্রিকায় দেখলাম। হেফাজতের আমির বলেছেন, জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নয়। চরমোনাই পীর তাদের জোট থেকে বের হয়ে বললেন, জামায়াতে ইসলামী সবচেয়ে মিথ্যাবাদী দল।’



