জনগণ শুধু হতাশই নয়, সরকারের কর্মকাণ্ডে ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সরকার ও বিএনপির কঠোর সমালোচনা করে জনগণবিরোধী কোনও পদক্ষেপ নেওয়া হলে তা প্রতিহত করারও হুঁশিয়ারিও দেন তিনি।
শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে তিনি এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, একই দিনে দুটি ভোট হলেও ক্ষমতার জন্য একটি ভোট মেনে নেওয়া হয়েছে, কিন্তু সংস্কারের প্রশ্নে গণভোট মেনে নেওয়া হয়নি। জনগণের দেওয়া রায় সরকার অগ্রাহ্য করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় বসে গুম কমিশন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিজেদের নিয়ন্ত্রণে এনে ফ্যাসিবাদী কাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে বিএনপি। এসময় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে অধিকার আদায়ে সবাইকে অনড় থাকার আহ্বান জানান তিনি।



