প্রচ্ছদরাজনীতিধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের প্রশ্রয় দিতে চাই না: মির্জা ফখরুল

ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের প্রশ্রয় দিতে চাই না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ওই দলকে বিশ্বাস করা যায় না যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না। এই দেশে যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদের আমরা প্রশ্রয় দিতে চাই না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধ করেছি। এই দেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন। মা-বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। সেসময় জামায়াত পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছিল। কিন্তু এর জন্য এখন পর্যন্ত তারা মাফ চায়নি।’

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের নির্বাচনি গণসংযোগে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমি সারাজীবন মানুষের মুক্তির জন্য রাজনীতি করেছি। জনগণের ভোটের অধিকার চাইতে গিয়ে বিগত ১৫ বছর অনেক কষ্ট করেছি, নানা হয়রানির শিকার হয়েছি। আমার নামে ছিল ১১৭টি মামলা। ১১ বার জেলে গেছি। সাড়ে তিন বছর জেল খেটেছি। তবে এটাই শান্তি যে আজ জনসাধারণ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছেন। এই ভোটাধিকার সঠিকভাগে প্রয়োগ করে ১৫ বছরের সংগ্রামকে স্বার্থক করে তুলবার জন্য জনসাধারণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, একটি দল মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে এমন কোনও কথা কোথাও লেখা নেই। আসলে যারা আমল করবে আল্লাহ চাইলে তাদের বেহেশত দিতে পারেন। আপনারা কেউ ভয় পাবেন না। নির্ভয়ে ভোট দিতে যাবেন এবং ভোট দিয়ে বাড়িতে আসবেন। আপনাদের পাশে বিএনপি সবসময় ছিল এবং আগামীতেও থাকবে।’ গণসংযোগে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ