১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না—এমন মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি জানায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থকও ভোটার চূড়ান্ত নির্বাচনি ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।‘সবুজ টেকসই অর্থনীতি’র চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল’ শীর্ষক এই ব্রিফিংয়ে বিভিন্ন নির্বাচনি এলাকায় পরিচালিত জরিপের তথ্য উপস্থাপন করে সিপিডি জানায়, দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনও বড় রাজনৈতিক শক্তি ও তার ভোটারদের বাইরে রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন।



