বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস তুলে ধরে দলটির সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পক্ষেও ছিল না, আবার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছে।
রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতকে একটি আন্তর্জাতিক সংগঠনের শাখা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটির রাজনৈতিক অবস্থান ও অতীত ভূমিকা নিয়ে জনগণের সামনে বাস্তব ইতিহাস তুলে ধরা প্রয়োজন। দলটির ৯৩ পৃষ্ঠার নির্বাচনি ইশতেহার সংসদে তুলে ধরে তিনি প্রশ্ন রেখে বলেন, মুখে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হলেও সেখানে শরিয়াহ আইন, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজব্যবস্থা কিংবা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার কোনও অঙ্গীকার নেই। তাহলে জামায়াত আসলে কেমন ইসলামী দল?



