ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর দেশটির পরবর্তী উত্তরসূরি নির্বাচনে ব্যক্তিগতভাবে যুক্ত হতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া ইরান যদি নতুন কোনও নেতা নিয়োগের চেষ্টা করে, তবে তা হবে কেবলই ‘সময়ের অপচয়’।আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে পরবর্তী শীর্ষ নেতা হিসেবে সবচেয়ে শক্তিশালী প্রার্থী মনে করা হচ্ছে। তবে ট্রাম্প সরাসরি এই সম্ভাবনার বিরোধিতা করেছেন। মোজতবা খামেনিকে ‘মাঝারি মানের’ ব্যক্তি হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘আমি মোজতবা খামেনিকে মেনে নেব না। এই নিয়োগ প্রক্রিয়ায় আমার সম্পৃক্ততা থাকতে হবে।’
ট্রাম্পের মতে, ইরান যদি আগের নেতৃত্বের নীতিগুলোই অনুসরণ করে এমন কাউকে ক্ষমতায় বসায়, তবে তিনি তা প্রত্যাখ্যান করবেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তেমনটি ঘটলে আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আবারও সংঘাতের ঝুঁকি তৈরি হবে।
নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন একজনকে চাই, যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি ফিরিয়ে আনবেন।’
সূত্র: আল জাজিরা



