কণ্ঠের মাধুরীতেই তিনি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। চেয়েছিলেন দেশের মানুষের জন্য বড় পরিসরে কিছু করতে। দীর্ঘদিন ধরে সে লক্ষ্যে কাজও করেছেন।
জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি। ভেবেছিলেন হয়তো সংরক্ষিত নারী আসনে হলেও দেশের জন্য কাজের সুযোগ পাবেন। তবে তাও না পেয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন কনকচাঁপা।
সোমবার (২০ এপ্রিল) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, “জীবনের যেকোনও পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও মনোনয়ন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।”
প্রসঙ্গত, কনকচাঁপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। ২০১৮ সালে সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন চেয়ে পাননি।



