প্রচ্ছদরাজনীতিজামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে ছিলেন— ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ড. লিউ ইউইন, পলিটিক্যাল ডিরেক্টর ঝাং জিং, রু কি (রাকি) এবং মিস নাফিসা (লিয়াং শুইন)।

বৈঠকে চীনা রাষ্ট্রদূত ও আমিরে জামায়াত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা অভিমত ব্যক্ত করেন যে, চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে দুই দেশের এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে আমিরে জামায়াতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ড. যুবায়ের আহমেদ, জামায়াতের উন্নয়ন টিম লিডার দেওয়ান আলমগীর এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

সর্বশেষ