জুলাই আন্দোলনের স্মৃতি পুনরুজ্জীবিত ও পুনর্মঞ্চায়নের লক্ষ্যে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে মাসব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।তিনি বলেন, জুলাইয়ের প্রতিটি দিনই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আন্দোলনে শিক্ষার্থী, ছাত্র-জনতা, পেশাজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, মাদ্রাসার শিক্ষার্থী, ধনী-গরিবসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন।
হাসনাত বলেন, ‘নানা কর্মসূচির মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আমরা ৫ আগস্টের চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয়েছিলাম। সেই পুরো জুলাইকে পুনর্মঞ্চায়ন ও পুনরুজ্জীবিত করতে প্রতিটি দিনের জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।’ তিনি জানান, ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা এবং ‘জুলাই থেকে জনপদ’ কর্মসূচির মাধ্যমে বিচার ও গণভোটের দাবিতে উপজেলা পর্যায়ে মাসব্যাপী পদযাত্রা শুরু হবে। ২ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশজুড়ে গ্রাফিতি, দেয়াল লিখন, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি চলবে। ৫ থেকে ৯ জুলাই আয়োজন করা হবে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।
এ ছাড়া বিভিন্ন দিনে আলোচনা সভা, নারী সমাবেশ, কৃষক কর্মসূচি, শহীদদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মোনাজাত, কফিন মিছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় রেজিস্ট্যান্স ডে, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিকিৎসকদের কর্মসূচি, আহতদের নিয়ে স্মৃতিচারণ, যুব কনভেনশন, শ্রমিক সমাবেশ, চিত্র প্রদর্শনী, শিক্ষক ও লেখক-বুদ্ধিজীবীদের আলোচনা সভাসহ নানা আয়োজন থাকবে।
১ আগস্ট ‘দেশপ্রেমের ইউনিফর্ম’ এবং ‘সংবাদে গণঅভ্যুত্থান’ শীর্ষক কর্মসূচি আয়োজন করা হবে। এদিন জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা সাংবাদিকদেরও স্মরণ করা হবে।
২ আগস্ট ‘জুলাইয়ের গৃহযাত্রা’, ‘গণঅভ্যুত্থানের অগ্নিস্ফুলিঙ্গ’ এবং ‘জুলাই স্মরণী প্রকাশ’ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৩ আগস্ট ‘জনতার এক দফা’, ৪ আগস্ট আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় এবং ৫ আগস্ট ‘বিজয়ের উল্লাস’ কর্মসূচির মধ্য দিয়ে মাসব্যাপী আয়োজন শেষ হবে।
হাসনাত আব্দুল্লাহ জানান, প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পুরো মাসজুড়ে ‘প্রবাসে জুলাই’ কর্মসূচিও চলবে। তিনি বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব বাস্তবায়নের জন্য ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি এবং সদস্যসচিব হিসেবে থাকবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। প্রতিটি কর্মসূচির স্থান ও সময় সংশ্লিষ্ট উইং পৃথকভাবে ঘোষণা করবে। এ ছাড়া কমিটিতে দলের বিভিন্ন পর্যায় ও অঙ্গসংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্র সংগঠনের পক্ষ থেকেও একাধিক নেতা এতে দায়িত্ব পালন করবেন বলে জানান হাসনাত আব্দুল্লাহ।



