আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১২ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ জানায়, নির্বাচন ১২ তারিখেই অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়া বানচালের কোনো চেষ্টা বরদাশত করা হবে না।এর আগে একই দিন বিকেলে শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে যমুনার দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল আনুমানিক ৪টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হইতে হবে, পেছানোর কোনো সুযোগ নেই। তবে এরপর যে রাজনৈতিক দল সরকারে আসবে তাদের হাদি হত্যার সুষ্ঠু বিচার করতে হবে।
তিনি আরও বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ব্যাপারে সুষ্ঠু কোনো পদক্ষেপ না নেয়। আমরা শুধু বলি ব্যাপারটা এমন আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব।


